
কলমে- দেব রায়
হাতখানি বাড়িয়ে দিলাম তোমার কাছে
আমাকে পরিপূর্ণ করো।
এইমাত্র এক ঝাঁক পাখি উড়ে গেল আকাশের দিকে
সে আকাশ ছোবে বলে।
তুমি যদি একটু নামতে, তোমাকে ঠোট দিয়ে আদর করে দেখতো তুমি কেমন?
তোমার নক্ষত্র, তোমার চাঁদ কেমন শীতল।
সারারাত চাঁদ আর নক্ষত্র, নক্ষত্র আর
মেঘেরা আকাশের সমুদ্র পাড়ি দেয় এ প্রান্ত থেকে ও প্রান্তে।
সারারাত দেখে দেখে ক্লান্ত আমি।
এখনো চিতা জ্বলছে দাউ দাউ করে
পুড়ে যায় সাজানো বাড়ি, সাজানো সংসার, অজানা সম্পদ।
সে উত্তাপ গায়ে এসে লাগে
প্রতিটি পুরুষ আজন্ম ব্যর্থ থেকে যায়
পরিপূর্ণ আকাশটাকে দেখে দেখে।
সরল রেখা দিয়ে সারা জীবনআমি এক মানচিত্র আঁকি
আকাশের মানচিত্র
রং নেই ,তুলি নেই তবুও অনায়াসে রেখে যায় ছবি
সে ছবি শুধু আমার জন্য, আমার মতন করে আঁকানো।
চোখের ভিতর চোখ ,অন্তরের ভিতরে অন্তর
বুঝতে হবে তা।
পোড়ানো মানুষের ছাইয়ের মত কোন গন্ধ থাকে না।
চন্দ্রবিন্দু মায়ার টান বিষ্ণুপ্রিয়ার ঘরে চাঁদের মত লেগে থাকে।
হাতখানি বাড়িয়ে দিলাম।
প্রতিনিধির নাম 

























