
-মোহাইমিনুল ইসলাম আফ্রিদী
নারী তুমি মহীয়সী, নারী তুমি সম্মান,
তোমার মর্যাদায় ঝরে পড়ে আসমানি গান।
মা খাদিজা (রা.)-এর প্রতি আল্লাহর সালাম,
বলে দেয়—নারীর সম্মান কত উচ্চ, কত দাম।
নারী তুমি মহারাণী, ঘরের ভেতর রানী,
নিঃশব্দ ত্যাগে গড়া এক রাজ্যখানি।
তুমি মা—তোমার পায়ের নিচে বেহেশত,
সন্তানের জীবনে তুমি আলোর শ্রেষ্ঠ দিশা-রথ।
তুমি বোন—ভাইয়ের কলিজার টুকরো প্রাণ,
তোমার চোখে লুকিয়ে থাকে দোয়ার পাহারাদার গান।
স্নেহে, শাসনে, ভালোবাসার বন্ধনে,
তুমি থাকো আগলে—ঝড়েরও বিপন্ন ক্ষণে।
নারী তুমি সম্মানিতা—শোনো হে নারী,
তুমি হতে পারো হুরদেরও সরদারী।
আখিরাতে যার মর্যাদা হবে অটুট,
দুনিয়ার মোহে কি সে হবে ভুলে-ভ্রষ্ট?
তবু বলো হে মহীয়সী—কোথায় খোঁজো মান?
ফেসবুকের পর্দায়? টিকটকের তুফান?
রিলস আর ইনস্টার ক্ষণিক বাহারি আলো,
দু’চারটা লাইকেই কি সম্মান হয় ভালো?
অচেনা চোখের প্রশংসা, মিথ্যে বাহবা সুর,
এগুলো কি দেয় স্থায়ী মর্যাদার নূর?
নিজেকে এমনভাবে মেলে ধরো না তুমি,
যাতে কাল লজ্জা পায় তোমারই ভবিষ্যৎ ভূমি।
হে মহীয়সী নারী! হে বোন! হে সম্মান!
একবার থেমে ভাবো—নাও গভীর জ্ঞান।
তুমি তোমার সম্মান কোথায় দেখতে চাও—
দুনিয়ার পর্দায়, না রবের দরবারে গাও?
