শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬

মহালছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।

এ সময় কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৫৪০ জন কৃষককে সরিষা, সূর্যমুখী, চিনাবাদামসহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়।

প্রধান অতিথি মোঃ আনোয়ার হোসেন বলেন,কৃষি উপকরণের সহজলভ্যতা ও সঠিক প্রযুক্তি প্রদান করা গেলে কৃষকের উৎপাদন বৃদ্ধি পাবে এবং তাদের আয়ও বাড়বে। কৃষির উন্নয়নই দেশের অর্থনীতির ভিত্তি।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোঃ সোহরাব হোসেন বলেন, প্রয়োজনীয় বীজ, সার ও ওষুধ সরবরাহের মাধ্যমে আমরা কৃষকদের পাশে আছি। মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে টেকসই উৎপাদন নিশ্চিত করতে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন এবং ফসল বাছাই, রোগ প্রতিরোধ ও পরিচর্যা সংক্রান্ত পরামর্শ প্রদান করেন।

বিতরণপ্রাপ্ত কৃষকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারের এমন সহায়তা তাদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে নতুন আশার সঞ্চার করবে।

উপজেলা কৃষি অফিসের এই উদ্যোগের মাধ্যমে কৃষক সমাজে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, যা রবি মৌসুমে ফলন বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

থেকে আরও পড়ুন