
মো. শাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি
ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জে আর পরিবহনের একটি বাসের সঙ্গে ভাঙ্গার দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়।
এ ঘটনায় অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় ঢাকা-ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিচিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধির নাম 
























