
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে দালালচক্র নির্মূল ও সাধারণ সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে অব্যাহত রয়েছে কঠোর মনিটরিং। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিআরটিএ-এর মোবাইল কোর্ট আদালত-৬ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের সার্বিক নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বিআরটিএ কার্যালয় প্রাঙ্গণ থেকে অনধিকার প্রবেশ ও সাধারণ সেবাপ্রার্থীদের অবৈধ উপায়ে কাজের প্রলোভন দেখিয়ে হয়রানির অভিযোগে ০৩ জন দালালকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আটককৃত ৩ জনকেই ০১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
আহনাফ তাজোয়ার ফাহিম (৩১): ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
হারুন (৩২): ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
মো. মজিবুল হক (৩৪): ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
অভিযান ও নিরাপত্তার সার্বিক বিষয়ে আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম বলেন ”বিআরটিএ-কে পুরোপুরি দালালমুক্ত ও নিরাপদ রাখতে আমাদের নিরাপত্তা প্রহরা ও বিশেষ নজরদারি প্রতিদিন জোরদার করা হচ্ছে। কোনো প্রকার মধ্যস্বত্বভোগী যেন সাধারণ মানুষের কাছে ভিড়তে না পারে, সে ব্যাপারে ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”
সাজাপ্রাপ্ত ৩ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিআরটিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুনরায় আহ্বান জানানো হয়েছে, সেবাগ্রহীতারা যেন কোনো দালালের খপ্পরে না পড়ে সরাসরি অফিশিয়াল কাউন্টার বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন।
প্রতিনিধির নাম 

























