
নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটে পোরশা থানার ৩ নম্বর ছাওড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্টে অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে মোটরসাইকেলযোগে মাদক বহনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোমরে থাকা টিস্যু কাপড়ের শপিং ব্যাগ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন ১৩৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩০), পিতা মো. তোফাজ্জল হোসেন এবং শ্রী গুরুপদ কর্মকার (২৭), পিতা শ্রী বাবুল কর্মকার। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডায়াং মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদক প্রতিরোধে নওগাঁ জেলার সর্বত্র অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
প্রতিনিধির নাম 

























