
নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে শুকুর আলী (৫৮) নামের এক মোটরসাইকেল চালক শ্বশুর নিহত হয়েছে। এ ঘটনায় জামাই সাদ্দাম হোসেন (৩৪) আহত হয়েছেন এবং তাদের সাথে থাকা ১০ বছরের নাতি অক্ষত অবস্থায় আছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেবীপুর মোড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শ্বশুরের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করাসহ ট্রাক চালক মনতাজ আলী (৫০) কে আটক করেছে থানা পুলিশ।
নিহত শ্বশুর শুকুর আলী পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার পাইকরা গ্রামের বাসিন্দা এবং আহত সাদ্দাম হোসেন একই গ্রামের জিয়ার আলী মন্ডলের ছেলে। এবং আটককৃত ট্রাক চালক মনতাজ আলী মৃধা জেলার পোরশা উপজেলার সারাইগাছী বারিন্দা গ্রামের ইয়াদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ছাতুনতলী এলাকায় কন্য যাত্রী হয়ে আসেন। সেখান থেকে তার মেয়ে জামাই ও নাতিকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাসা নিয়ামতপুরের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি এলে মহাদেবপুর থেকে শিবপুরগামী একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে জামাই আহত হন এবং নাতি অক্ষত অবস্থায় রয়েছে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করাসহ ট্রাক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রতিনিধির নাম 

























