
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা পৌরসভার এক ইতালি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাত দল প্রবাসীর স্ত্রী ও ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ১৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বরইতলা এলাকার ইতালি প্রবাসী মো. আব্দুল কাদের -এর বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলীম
ভুক্তভোগী পরিবার জানায়, ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির পশ্চিম পাশের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা প্রবাসীর স্ত্রী ও ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেয়।
প্রবাসীর স্ত্রী জানান, পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে তাকে জিম্মি করে গলার চেইন, কানের দুলসহ শরীরে থাকা স্বর্ণালঙ্কার খুলে নেয়। ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। তারা কাউকে চিৎকার করতে দেয়নি এবং খাটের পাটাতনের নিচে লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কারও খুঁজে বের করে নিয়ে যায়। তিনি জানান, ডাকাতরা পূর্বপরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ ঘটনা ঘটিয়েছে। কারণ, আগের দিন (বৃহস্পতিবার) ব্যাংক থেকে উত্তোলন করা নগদ অর্থের বিষয়েও তারা জানত এবং সেই টাকাও লুট করে নিয়ে যায়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীম জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল প্রবাসীর বাড়ির পশ্চিম পাশের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 

























