
মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (৪) ও আরিফা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) ভোরে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে এবং আরিফা দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই শিশুর মা দুলালী বেগম ও ফরিদা বেগম। আহত অবস্থায় তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ভোর থেকে টানা বৃষ্টির কারণে মহাসড়কে দৃশ্যমানতা কমে যায়। এমন অবস্থায় দ্রুতগতির একটি সিএনজি গোবিন্দগঞ্জ থেকে ভাদুরিয়ার দিকে যাচ্ছিল। পথে কানাগাড়ি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় সিএনজিটি। এতে সিএনজিটি উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
প্রতিনিধির নাম 
























