বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মামা বাড়িতে খাবার খেয়ে রাতে তাদেরই জবাই করে হত্যা করে ভাগ্নে

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি,নওগাঁ:

নওগাঁয় একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার পেছনে জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত হাবিবুর রহমানের আপন দুই ভাগ্নে সবুজ হোসেন ও শাহীন রানা এবং দুলাভাই শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি জানান, গত ২০ এপ্রিল রাতে হাবিবুর, তার স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের সদস্যরা একসঙ্গে রাতের খাবার গ্রহণ করেন। পরে গভীর রাতে পরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

প্রথমে হাবিবুর রহমানকে হত্যা করা হয়। পরে তার স্ত্রী পপি আক্তার বাইরে গেলে তাকেও হত্যা করা হয়। সর্বশেষ ঘুমন্ত অবস্থায় দুই সন্তানকে হত্যা করে পালিয়ে যায় হামলাকারীরা।

পুলিশ জানায়, প্রায় ১৭ বিঘা জমির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। পাঁচ বোনের পর একমাত্র ভাই হওয়ায় হাবিবুর বেশি জমি পাওয়ায় বিরোধ তীব্র হয় এবং একাধিক মামলা পর্যন্ত গড়ায়। এই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।

এদিকে, ময়নাতদন্ত শেষে মরদেহগুলো গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়ির সামনে পাশাপাশি চারটি কবর প্রস্তুত করা হয়েছে এবং বিকেলে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নিহত গৃহবধূর বাবার দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্ত সবুজ হোসেনের বাড়িতে আগুন দেয়।

থেকে আরও পড়ুন