
নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় সড়কের পাশ থেকে এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার আধাইপুর–বৈকন্ঠপুর সড়কের জিয়া শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের কাছেই তাঁর ব্যবহৃত ভ্যানটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।
পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মিঠু হোসেন (৪০)। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় পথচারীরা সড়কের ওপর একটি ভ্যানের লাইট জ্বালানো অবস্থায় দেখতে পান এবং পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী সোহরাব শাওন জানান, মরদেহের কাছেই ভ্যানটি দাঁড়িয়ে ছিল এবং এতে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন ছিল না। তবে নিহতের ঘাড় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।
বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতে সড়কে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় এমন ঘটনা ঘটছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, পাশাপাশি রাতের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।
প্রতিনিধির নাম 

























