
নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার মান্দা উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ মিনা পারভীন (৪৩) সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার নবগ্রাম গ্রামের বাসিন্দা মিনা পারভীন দীর্ঘদিন ধরে অত্যন্ত সুকৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার স্বামী মোঃ হারুন অর রশিদও এ কাজে সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়। নারী পুলিশের সমন্বয়ে গঠিত এ টিমটি ২৫ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দুইভাগে বিভক্ত হয়ে ছদ্মবেশে অভিযানে অংশ নেয়।
অভিযানকালে ডিবি সদস্যরা মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে অবস্থান নেন। এ সময় মিনা পারভীন অপর আসামি মোঃ সাদ্দাম (৩০), পিতা মৃত আজিবর কবিরাজ, সাং-নবগ্রাম, থানা-মান্দা, জেলা-নওগাঁ-এর সহায়তায় মাদক বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
পরবর্তীতে নারী পুলিশের সহায়তায় মিনা পারভীনের দেহ তল্লাশি করে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় শরীরের সঙ্গে লুকানো ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিনা পারভীনের বিরুদ্ধে এর আগে ৩টি মাদকসহ মোট ৪টি মামলা রয়েছে। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 

























