
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব বিরোধের জেরে একদল সন্ত্রাসীর হামলায় এক দম্পতি গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটের ঘটনাও ঘটেছে। বাগেরহাট ২৫০ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ দফায় তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই দম্পতি। বহিরাগতদের হুমকিতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
ভুক্তভোগী মো. ইমাম হোসেন ইমন অভিযোগ করেন, গত ১৭ মার্চ দুপুর আনুমানিক ২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের জিলবুনিয়া এলাকায় তার পৈতৃক বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পূর্বের একটি মামলা তুলে নিতে চাপ প্রয়োগের জেরে স্থানীয় কয়েকজনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল বাড়িতে অনধিকার প্রবেশ করে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির দরজা-জানালা ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে ইমনের বাবা-মাকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মা আইরিন সুলতানা (৪৫)গুরুতর আহত হয়ে হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। বাবা মোঃ কবির হোসেনের চোয়াল ভেঙে যাওয়াসহ মাথা ও কানে আঘাত লাগে বলে জানা গেছে।
এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় রিয়াজুল, আলম বেপারী, জালাল বেপারী, সিদ্দিক বেপারীসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ রাকিবুল হাসান জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধির নাম 

























