
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলা শহরে অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় মদসহ আকাশ গৌড় (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক বিক্রির ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
তবে অভিযান টের পেয়ে আকাশ গৌড়ের দুই সহযোগী মানিক মিয়া ও রঞ্জন দা ওরফে রঞ্জিত পালিয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বারহাট্টা শহরের মডেল স্কুল মোড়ে এ অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
গ্রেপ্তার আকাশ গৌড় বারহাট্টা শহরের আসমা বাজার এলাকার রাধে শ্যাম গৌড়ের ছেলে।
স্থানীয় ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বারহাট্টা শহরে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন আকাশ গৌড়। এ কাজে তার একটি সহযোগী চক্র রয়েছে। গোপন সংবাদে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ডিবির ওসি তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আকাশ গৌড়কে গ্রেপ্তার করে। পরে তার বাসা থেকে ৪৯ বোতল ভারতীয় মদ ও মাদক বিক্রির ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যায়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিনিধির নাম 

























