বুধবার, ১৩ মে ২০২৬

উখিয়ারঘোনা খাল পুনঃখনন শুরু: কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন প্রকল্পের অংশ হিসেবে কক্সবাজারের রামু উপজেলার উখিয়ারঘোনা খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার উখিয়ারঘোনা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোদাল দিয়ে মাটি কেটে কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ যুগান্তকারী উদ্যোগ দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি জানান, উখিয়ারঘোনা খাল পুনঃখননের ফলে এ অঞ্চলের হাজার হাজার একর আবাদি জমি সেচ সুবিধার আওতায় আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে স্থানীয় জনগণ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন এবং গুণগত মান বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এ এন সাজেদুর রহমান। অনুষ্ঠানে কারিগরি ও প্রশাসনিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বিএডিসির উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ সরওয়ার মওলা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক।
বক্তারা বলেন, খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ব্যয় হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামু থানার অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশর বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ আল মামুন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা তাঁতীদলের সাবেক সভাপতি মনজুর আলম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব সাইমন ইসলাম শাহীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘদিনের প্রত্যাশিত এ খাল পুনঃখনন কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষক ও এলাকাবাসী সরকারের এ উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

থেকে আরও পড়ুন