
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের বিএনপির প্রার্থী ও দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তার প্রয়াত মায়ের স্বপ্ন বাস্তবায়নে মাদক ও বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে প্রয়াত মায়ের স্মৃতিচারণ করেন ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, “আমার মা আজ এই দুনিয়াতে নেই, কিন্তু তার স্বপ্ন আমার মধ্যে জীবিত। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল তাঁর প্রধান স্বপ্ন। আমি সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
নিজের শৈশবের স্মৃতি তুলে ধরে কায়সার কামাল বলেন, “আমি যখন ছোট ছিলাম, মা বলতেন—সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, তুমি ব্যারিস্টার হবে। তখন ব্যারিস্টার কী বুঝতাম না, তবে মাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমার স্বপ্ন আমি পূরণ করব, ইনশাআল্লাহ। আজও সেই অঙ্গীকার আমার হৃদয়ে অটুট।”
তিনি স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুবসমাজকে সঠিক পথে পরিচালনা করে মাদকমুক্ত ও কর্মসংস্থানমুখী সমাজ গড়াই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
উল্লেখ্য, কায়সার কামালের মা জুবাইদা কামাল ২০২২ সালের ২৩ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
প্রতিনিধির নাম 

























