
নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি, নওগাঁ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জাবারীপুরহাট এলাকায় লাশটি উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,
১৯ জানুয়ারি,সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে মাঠে কাজ করতে যাওয়ার সময় কয়েকজন কৃষক সরিষা ক্ষেতের ধারে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তিনি মৃত বলে নিশ্চিত হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে বদলগাছী থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে ওই এলাকায় কিছু অপরিচিত লোকজনের আনাগোনা লক্ষ্য করা গেলেও বিষয়টি তখন গুরুত্ব পায়নি। লাশ উদ্ধারের ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সরদারপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩০)।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যার পর লাশ এখানে ফেলে রাখা হতে পারে।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। হত্যার আলামত পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
প্রতিনিধির নাম 

























