
স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রেড ক্রিসেন্ট গুইমারা ইউনিট-এর পক্ষ থেকে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। জনস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিটি উদ্বোধন করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিশকাতুল তামান্না।
গুইমারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় মেলায় গভ. মডেল হাই স্কুল মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিশকাতুল তামান্না এই মহতী উদ্যোগের উদ্বোধন করেন।
এসময় বক্তারা বলেন, “বিজয় দিবসের এই দিনে রেড ক্রিসেন্টের এমন একটি জনসেবামূলক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। রক্তদান জীবনদানের সমতুল্য। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সাধারণ মানুষ নিজেরা যেমন সচেতন হবেন, তেমনি জরুরি মুহূর্তে মুমূর্ষু মানুষের জীবন রক্ষায়ও এটি সহায়ক হবে।” তিনি যুব সমাজকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী।
এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় বহু মানুষ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে নিতে সক্ষম হন।
