বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

স্বাস্থ্যখাতে বিশেষ অবদানে মহালছড়িতে সম্মাননা প্রদান

শফিক ইসলাম, মহালছড়ি

মহালছড়ি উপজেলায় স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার টিএস রূপময় তঞ্চঙ্গ্যা ও দীপংকর ধরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের তথ্যায়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি বিপুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাজুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার টিএস রূপময় তঞ্চঙ্গ্যা, দীপংকর ধর, জাবারং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব অধিকার ফোরামের সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন,
দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। মাঠপর্যায়ে কাজ করা স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা ও ত্যাগ ছাড়া এই সেবা টেকসই করা সম্ভব নয়। এ ধরনের সম্মাননা কর্মীদের আরও উৎসাহিত করবে।

সভাপতির বক্তব্যে বিপুল চৌধুরী বলেন,
মহালছড়ির সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের এই অবদান স্বীকৃতি পাওয়ার যোগ্য।

বিশেষ অতিথি ডা. তাজুল ইসলাম বলেন,
প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উপজেলা প্রশাসনের সহযোগিতা আমাদের কাজকে আরও গতিশীল করেছে।

সম্মাননা প্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার টিএস রূপময় তঞ্চঙ্গ্যা বলেন,
এই সম্মাননা আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

অপর সম্মাননা প্রাপ্ত দীপংকর ধর বলেন,গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করতে পেরে আমরা গর্বিত। এই স্বীকৃতি আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

থেকে আরও পড়ুন