
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট এবং শতাধিক ফলজ ও বনজ চারাগাছ কর্তন করে বসতবাড়ি দখলের চেষ্টা করেছে একদল সন্ত্রাসী। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা সদরের রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্র চাকশ্রী গ্রামের মোজাফফর হোসেনের পুত্র খায়রুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বসতবাড়ি দখল ও সন্ত্রাসী হামলার বিষয়ে ঐদিনই বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনার নেতৃত্ব দিয়েছে একই এলাকার আব্দুস সালাম ফকিরের জামাতা খানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল তরফদার। ভাঙচুর করায় বসবাসের অনুপযোগী হয়ে গেছে ঘরটি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় মাতৃহারা চার শিশু কন্যার দিন কাটছে চরম আতঙ্কে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা আরো জানায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১ আগস্ট) সকালে ব্যবসায়িক উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন খায়রুল হোসেন। তার দুই মেয়ে বিদ্যালয়ে চলে যায় এবং জমজ ছোট দুটি মেয়ে পাশের বাড়ি তার দাদা-দাদির সাথে থাকে। বাড়িতে লোকজন না থাকার সুযোগে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলের উদ্দেশ্যে একই এলাকার আব্দুস সালামের জামাতা আওয়ামী লীগ নেতা জুয়েল তরফদারের নেতৃত্বে ১৪/১৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল বাড়িতে প্রবেশ করে শতাধিক ফলজ ও বনজ চারা গাছ কর্তন করে। বসত ঘরটি ভাঙচুর ও লুটপাট চালায়। সেখানে তারা বাঁশ খুঁটি দিয়ে একটি ঘরও নির্মাণ করে। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ উপস্থিত হলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে খাইরুল ইসলামের পিতা মোজাফফর হোসেন বলেন, ১৯৮১ সালে এই জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছি। মঙ্গলবার সকালে জমি দখলের উদ্দেশ্যে আব্দুস সালামের ছেলে-মেয়ে জামাই সহ কয়েকজন বহিরাগত সন্ত্রাসী এই বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। শতাধিক ছোট ছোট গাছের চারা কেটে ফেলেছে তারা। ঘটনাস্থল ত্যাগ করার আগে তারা আমাদের হত্যার হুমকি দিয়ে গেছে।
ঘটনার বিষয়ে আব্দুস সালাম ফকিরের জামাতা খানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল তরফদার বলেন, ১০/১৫ বছর ধরে খায়রুল হোসেন বিরোধীয় সম্পত্তি জোরপূর্বক দখল করছে। তার কোন কাগজপত্র নেই।ইউনিয়ন পরিষদের সালিশের সিদ্ধান্ত মোতাবেক তিন মাসের মধ্যে ওই জমির কাগজপত্র দেখানোর কথা থাকলেও সে ওই সময়ের মধ্যে কাগজ দেখাতে ব্যর্থ হয়েছে। ঘটনার দিন আমরা ওই জমিতে গাছপালা পরিষ্কার করে একটি ঘর নির্মাণ করেছি। আমার শ্বশুর একজন নিরীহ লোক। তার জমি জোরপূর্বক দখল করে ভোগ করা যাবে না।
এ ঘটনার বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, খায়রুল হোসেনের একখানা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধির নাম 



















