
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা সদরের কে জে এস পি ইউ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনন্দ কুমার পালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি শেখ মোঃ সোহাগের ৩০ মে স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কেন তাকে চাকরীচ্যুত করা হবে না তা পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে।
প্রধান শিক্ষকের খেয়াল খুশিমতো বিদ্যালয়ে আসা-যাওয়া করা, অনুমোদিত ছুটি ভোগ করা, জাতীয় প্রোগ্রাম সমূহে অনুপস্থিত থাকা, জাতীয় সংগীত পরিবেশনের সময় অনুপস্থিত থাকা, যথাযথ দায়িত্ব পালন না করা, কলেজে নৈশ প্রহরী নিয়োগ দিয়ে ঘুষ গ্রহণ করা এবং আদালতে মামলা দিয়ে বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করাকে বরখাস্তের কারণ হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নলিনী রঞ্জন পাল বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
সাময়িক বরখাস্তের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার পাল বলেন, বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সভাপতি শেখ মোঃ সোহাগ স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের চিঠি আমি পেয়েছি। নিয়ম অনুযায়ী সাত দিনের মধ্যেই আমি জবাব প্রদান করেছি। আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা।
