
নওগাঁ জেলার আত্রাইয়ে মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ী ফেরার সময় অটোচার্জারের চাপায় ফাতেমা খাতুন (৬) নামে এক শিশু শিক্ষার্থী মর্মান্তিকভাবে নিহত হয়েছে।
২২ মার্চ,বুধবার দুপুরে আত্রাই উপজেলার আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জাত-আমরুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ভ্যানটি আটক করেছে।
নিহত ফাতেমা খাতুন নওগাঁ জেলার আত্রাই উপজেলার জাত-আমরুল উত্তরপাড়া গ্রামের উজ্জল হোসেনের মেয়ে।সে আহসানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিহত ফাতেমা খাতুনের মায়ের কোলে এক শিশু ছিল এবং ফাতেমা তার মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ী ফিরছিল। এসময় আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জাম-আমরুল সাইদের বাড়ী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা টিন বোঝাই একটি অটোচার্জার তাকে চাপা দেয়।
এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সময় চালক দ্রুত পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ভ্যান আটক করে ইউনিয়ন পরিষদে হেফাজতে দিয়েছে।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রোকসানা হ্যাপি বলেন, শিশুর মাথা ও মুখমন্ডলে কিছুটা ক্ষত হয়েছে এবং ভ্যানের চাকায় চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শিশুটির মরদেহ হাসপাতালে আছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
