
বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষ্যে প্রকাশ হয়েছে কবি, গবেষক ও সংগঠক শ ম দেলোয়ার জাহান এর একক কাব্যগ্রন্থ “স্বপ্ন নিয়ে যাত্রা”। বইটি প্রকাশ করেছেন সময়ের সুর প্রকাশন। বইটির মলাট মূল্য =২৫০/-। বইমেলায় সুলেখা লাইব্রেরীর ১৫৪ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও সরাসরি লেখক, প্রকাশক, সুরশপ ডটকম ও রকমারি ডটকম এর মাধ্যমেও বইটি সংগ্রহ করা যাবে। বইটি সম্পর্কে কবি শ ম দেলোয়ার জাহান বলেন – “বাংলা ছড়া-কবিতা অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে সম্ভবত একটি খরায় ভুগছে। ফলে সৃষ্টিশীল লিরিক রচনায় আকৃষ্টজনদের পাঠকপ্রিয়তা ক্রমশ হ্রাসের দিকে। বিশ্লেষকদের মতে, গদ্যকবিতার ব্যাপক প্রসারতাও এর জন্য দায়ী। তবে গদ্য কবিতার স্বতন্ত্র একটি অবস্থান আছে ও থাকবে। কারণ, ইতিপূর্বে যে সকল কবি/লেখক পদ্য কবিতা লিখতো, এখন আর লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। লিরিক্যাল প্যাটার্নে যে সকল ছড়া-কবিতার আবির্ভাব ঘটছে তাঁর স্বমহিমা স্তম্ভ অতীতের তুলনায় ক্রমশ যেন খর্ব হচ্ছে। ছন্দের পাঠক মূলত শিশু কিশোর। বড়রা যা পড়ে বেশিরভাগ রাজনৈতিক বা স্যাটায়ারমুখী। ছন্দে ম্যাসেজ পৌঁছানো অন্যান্য মাধ্যমের তুলনায় সহজতর। মাত্র অল্প কয়েকটি কথাতেই ব্যাপক বিষয় আশ্রয়-প্রশয় প্রকাশ করে থাকে। বর্তমান লিখিয়েরা আরো একটি সমস্যায় ভুগছেন। ছন্দকে গুলিয়ে ফেলছে। ফলে পাঠক পড়তে গিয়ে হোঁচট খায়। আর এই ভয়ে কেউ কেউ কলম ছেড়ে দিয়েছে। এটাও মোটেও ঠিক নয়। সাহিত্যের প্রতি অসাধারণ ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব। চেষ্টা করলে এক সময় ক্লাসিক খাবার পরিবেশিত হবে না, কে বলেছে? বাংলা সাহিত্যে বিশ্বাসী সাহিত্যিকদের বড়ই অভাব। বিশ্বাসকে ধারণ করে চিন্তার জগতে পরিবর্তন আনার জন্য ছন্দ নির্মাতাদের এই অভাববোধও বর্তমান সাহিত্যকে ত্বরান্বিত করছে। তাই সুধী পাঠক মহলে “স্বপ্ন নিয়ে যাত্রা” নামক এই কাব্যগ্রন্থ পাঠে আশানুরূপ আনন্দ পাবে বলে আমি মনে করি। লেখাগুলো প্রাণচঞ্চল ভাষায় মুদ্রিত হলো, যা পাঠক মহলে সাড়া জাগবে। ঠিক সে রকমভাবে আমি প্রত্যেকটি লেখাকে লিপিবদ্ধ করেছি। বিশ্বাসী ছন্দ নির্মাতা হিসেবে যে সকল উপাদেয় বিষয় পরিগণিত হলো, তা পাঠক মহলে স্বস্তি দিতে পারবে বলে আমার বিশ্বাস।”
বইটি সম্পর্কে প্রকাশক বলেন- কবি শ ম দেলোয়ার জাহান বর্তমান সময়ের বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস লিখনীর মাধ্যমে ইতিপূর্বে তিনি সাহিত্য জগতে বিশেষ সুনাম অর্জন করেছেন। তার একক কাব্যগ্রন্থ “স্বপ্ন নিয়ে যাত্রা” বইয়ের প্রতিটি লেখা পড়েছি। অসাধারণ সকল লেখা দ্বারা তিনি বইটিকে প্রস্তুত করেছেন। আমি আশা রাখি, সকল ধরণের পাঠক-পাঠিকা এর দ্বারা উপকৃত হতে পারবেন। পরিশেষে আমি উক্ত গ্রন্থের লেখকের সার্বিক সাফল্য ও সুস্থতা কামনা করছি এবং বাংলা সাহিত্যে উত্তরোত্তর সম্পৃক্ততা প্রত্যাশা করছি।
