
খুলনার পাইকগাছায় শীতের শুরুতে বিভিন্ন নদ- নদীতে শুরু হয়েছে বাগদার পোনা আহরণ। জীবনের ঝুঁকি নিয়ে ছিন্নমুল মানুষের পাশাপাশি দরিদ্র নারী-পুরুষ ও শিশুরা জোয়ারের সময় নেমে পড়ে নদীতে। অভাব অনটনের কারণে ছিন্নমুল মানুষেরা জীবন বাজী রেখে কনকনে শীতে জোয়ারের সময় নদীতে নেমে বাগদার পোনা আহরন করছে। অনেকেই একসাথে গভীর নদীতে নৌকা নিয়ে দু-কুল জুড়ে জাল ফেলে পোনা আহরণ করে। প্রতিদিন ২’শ থেকে ৩’শ পোনা এক একজনে আহররিত করে। প্রতিটা পোনা ৭০- ৮০ পয়সা বিক্রি হয়। যা দাদন নেয়া ফড়িয়াদের কাছে বিক্রি করতে হয়। পাইকগাছা উপজেলার কপোতাক্ষ, শিবসা,মিনহাজসহ বিভিন্ন নদীতে শত শত নারী-পুরুষ চিংড়ি পোনা আহরণ করে জীবিকা নির্বাহ করে বলে জানা যায়। শিবসা নদীর তীরের রবিউল,সখিনা বেগম, আকলিমারা জানান, অনেক সময় ভোর রাতে নদীতে জাল টানতে গেলে খুব ভয় লাগে। নদীতে হাঙ্গর , কুমির সাপ আবার কখনও শিকার হতে হয় বৈরী আবহাওয়ার। বিশেষ করে নদীতে সবুজ রঙ্গের বিষাক্ত কিরাল নামে এক প্রকার সাপ রয়েছে। যাতে কামড়ালে মানুষের বেঁচে থাকা সম্ভাবনা কম থাকে। এসব ঝুকি নিয়ে জীবনের মায়া ত্যাগ করে রাত- দিন জোয়ারের সময় নদীতে পানি বৃদ্ধি পেলে ছিন্নমুল ও অতি সাধারণ মানুষ নেমে পড়ে নদীতে। যার মধ্যে বৃদ্ধ- বৃদ্ধা ও শিশুরাও রয়েছে। কেউবা নৌকা নিয়ে চলে যায় বাড়ী ছাড়া অনেক দুরে।
শাহাজামান বাদশা,পাইকগাছা ( খুলনা ) 



















