
শফিক ইসলাম,,মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম মুড়াপাড়া এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) আয়োজিত এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পানি সরবরাহ স্থাপনাগুলো সঠিকভাবে পরিচালনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদে সচল রাখা এবং নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির উপ-সমন্বয়কারী খোকন বিকাশ ত্রিপুরা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জাবারাং কল্যাণ সমিতির ফিল্ড কোঅর্ডিনেটর তুষার কান্তি খীসা, অজিত মারমা, কার্বারী ভূমিকা ত্রিপুরা এবং কমিউনিটি নিউট্রিশন প্রমোটার মূর্ছনা ত্রিপুরা।
প্রশিক্ষণে পানি সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা, পানি স্থাপনার নিয়মিত পরিচর্যা, রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা, স্থাপনায় কোনো ধরনের সমস্যা দেখা দিলে তা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে পানি পয়েন্ট ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান আলোচক ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ কুমার সরকার পানি স্থাপনাগুলো দীর্ঘদিন সচল রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পানি ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা পরিচালনার বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও ব্যবহার নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে পানি পয়েন্ট ব্যবস্থাপনা কমিটির জন্য এ Operation & Maintenance (O&M) ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়।
Friends in Village Development Bangladesh (FIVDB)-এর উদ্যোগে এবং Helen Keller Intl-এর সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণ দুর্গম এলাকার পানি সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রতিনিধির নাম 



















