
আমির হোসেন লিটন ইতালি:
প্রবাসীদের কর্মব্যস্ততার কথা বিবেচনা করে ছুটির দিনেও বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করেছে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ উদ্যোগের আওতায় পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
ছুটির দিনে দূতাবাসের এই বিশেষ সেবা কার্যক্রমে অংশ নিতে ইতালির বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে রোমে ছুটে আসেন প্রবাসীরা। দীর্ঘদিন কর্মব্যস্ততার কারণে নিয়মিত কর্মদিবসে দূতাবাসে এসে সেবা নিতে না পাড়ায় প্রবাসীদের জন্য এই উদ্যোগ বিশেষভাবে সহায়ক হয়েছে বলে জানান সেবাগ্রহীতারা।
সেবা গ্রহণের পর প্রবাসীরা দূতাবাসের এই উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ ক্যাম্পেইন ও ছুটির দিনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।
বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রাকিবুল হক বলেন, প্রবাসীদের কর্মব্যস্ততার কথা চিন্তা করেই ছুটির দিনে বিশেষ সেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের যেন নিজেদের কর্মঘণ্টা নষ্ট না করে প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণ করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখে দূতাবাস এ ধরনের উদ্যোগ গ্রহণ করছে।
তিনি আরও বলেন, প্রবাসীদের সেবার পরিধি বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্পেইন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের জন্য আরও সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
দূতাবাসের এই ক্যাম্পেইনে পরিবার নিয়ে আশা সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন কুশল বিনিময় করেন এবং প্রবাসীদের দূতাবাস সেবা সংক্রান্ত কার্যক্রমের খোঁজ খবর নেন।
দূতাবাসের ছুটির দিনের এই বিশেষ কার্যক্রমে সেবা পেয়ে সন্তুষ্ট প্রবাসীরা মনে করছেন, কর্মজীবী বাংলাদেশিদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা ভবিষ্যতে নিয়মিতভাবে এমন সেবা কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।
প্রতিনিধির নাম 



















