
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে দালালচক্র ও প্রতারক মুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিআরটিএ-এর মোবাইল কোর্ট আদালত-৬ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে বিআরটিএ প্রাঙ্গণ থেকে অনধিকার প্রবেশ ও সাধারণ সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগে ০৬ জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ ও অপরাধ স্বীকারের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় ০৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ০৩ জনকে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের তালিকা:
রুবেল (৩২): ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
মো. সাজ্জাদ হোসেন (৪৪): ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
শাহজাহান (৬৫): ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড।
(এছাড়া অপরাধ স্বীকার করায় অন্য ০৩ জনকে সর্বমোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।)
অভিযান ও নিরাপত্তার সার্বিক বিষয়ে আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম বলেন ”সাধারণ সেবাগ্রহীতারা যেন কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর খপ্পরে না পড়েন, সে বিষয়ে আমরা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছি। বিআরটিএ-কে পুরোপুরি দালালমুক্ত না করা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে আমাদের এ অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানা জারি করে থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অর্থদণ্ডের টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। যেকোনো ধরণের সেবাগ্রহণের জন্য দালাল এড়িয়ে সরাসরি বিআরটিএ-এর নির্ধারিত কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
প্রতিনিধির নাম 



















