
মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে আনুমানিক ১০ থেকে ১১ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাতে করতোয়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে কয়েকজন বিষয়টি আশপাশের লোকজনকে জানান। খবরটি ছড়িয়ে পড়লে নদীর পাড়ে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় দুই দিন আগে শিশুটি মৃত্যু হয়ে থাকতে পারে। করতোয়া নদীর উজান থেকে স্রোতের সঙ্গে ভেসে আসার পর মরদেহটি নদীর একটি বাঁকে আটকা পড়ে। উদ্ধার হওয়া শিশুটির বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর হলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শিশুটির মরদেহ কীভাবে এবং কোথা থেকে নদীতে এসেছে, কিংবা তার মৃত্যু কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মঙ্গলবার মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে মরদেহটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
প্রতিনিধির নাম 



















