
শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
“মায়ের দুধই শিশুর সর্বোত্তম পুষ্টি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট ২০২৬) সকাল ১১টায় মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. মঞ্জুরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্টা চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন ও সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম ও প্রাকৃতিক পুষ্টির উৎস। জন্মের পর শিশুকে মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ১-৭ আগষ্ট নানা আয়োজন পালন করা হয়। বিশেষ করে মহালছড়ির বিভিন্ন দূর্গম এলাকায় সচেতনাতা মূলক সভা করা হয় এছাড়াও আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নে তিনজন শিক্ষার্থী বিজয়ী নির্বাচিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী শ্রেষ্ঠী চাকমা, দ্বিতীয় হয় ৩য় শ্রেণির শিক্ষার্থী গুনুতম বড়ুয়া এবং তৃতীয় স্থান অর্জন করে ৫ম শ্রেণির শিক্ষার্থী দিপান্বিতা দত্ত।
অনুষ্ঠানের শেষপর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর মহালছড়ি উপজেলার সমাপনী অনুষ্ঠান শেষ হয়।
প্রতিনিধির নাম 



















