
ইসমাইল হোসেন সজিব, চাটখিল,নোয়াখালীঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এক পিয়নের বিরুদ্ধে নামজারির কাজ করে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চাটখিল পৌরসভার বাসিন্দা আব্দুল লতিফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমির নামজারির জন্য আব্দুল লতিফ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গেলে নাজির জসীম উদ্দীন তাকে পিয়ন জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে জাহাঙ্গীর নামজারির কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে ৪৫ হাজার টাকা দাবি করেন। সেই টাকা দেওয়ার পরও কাজ সম্পন্ন না করে বিভিন্ন অজুহাতে আরও ১৫ হাজার টাকা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, মোট ৬০ হাজার টাকা দেওয়ার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার নামজারির কাজ সম্পন্ন হয়নি। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবির কাছে মৌখিকভাবে বিষয়টি জানালেও কোনো প্রতিকার পাননি। শেষ পর্যন্ত গত ৩ আগস্ট তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিসের ওই পিয়নের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হলেও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে দাবি স্থানীয়দের।
এছাড়া অভিযোগ রয়েছে, অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে জাহাঙ্গীর চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জমি কিনে বাড়ি নির্মাণ করেছেন এবং বিলাসবহুল জীবনযাপন করছেন। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রতিনিধির নাম 



















