
মোঃ হিমেল হোসেন, বিশেষ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর এলাকায় এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে বৃষ্টির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে একা পেয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অসদাচরণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। তবে শিক্ষার্থীর উপস্থিত বুদ্ধির কারণে তিনি দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভায়।
এদিকে ভান্ডারপুর চারমাথা এলাকায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি জানান, অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত ব্যক্তির অন্যান্য দায়িত্ব সম্পর্কেও প্রয়োজনীয় সুপারিশ করা হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরাও বিচারিক প্রক্রিয়ার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি একটি ইউনিয়নের কাজির দায়িত্বেও রয়েছেন।
এদিকে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রতিনিধির নাম 



















