
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের ঈদগাঁও থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার দুই সাজাপ্রাপ্ত ও এক পরোয়ানাভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) ঈদগাঁও থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামি, আট মাসের কারাদণ্ড ও আট লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আরেক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পোকখালী ইউনিয়নের ইছাখালীর বাসিন্দা সিরাজুল ইসলাম। তিনি তিনটি পৃথক মামলার পরোয়ানাভুক্ত আসামি। এর মধ্যে দুটি মামলা চেক ডিজঅনার (নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারা) এবং একটি প্রতারণা ও বিশ্বাসভঙ্গ (দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারা) সংক্রান্ত।
অপর সাজাপ্রাপ্ত আসামি ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাড়ার বাসিন্দা মো. জসিম উদ্দিন। তিনি নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আট মাসের কারাদণ্ড ও আট লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিলেন।
এ ছাড়া পোকখালী ইউনিয়নের মধ্যম ইছাখালীর বাসিন্দা নুরুল হুদাকে ভূমি আইন ও দণ্ডবিধির জালিয়াতি-সংক্রান্ত (৪৬৭/৪৬৮/৪৭১) ধারার একটি মামলার পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















