
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে (ঢাকা মেট্রো সার্কেল-১) সেবাগ্রহীতাদের হয়রানি ও প্রতারণা বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কার্যালয়টিকে সম্পূর্ণ দালাল ও প্রতারকমুক্ত করার লক্ষ্যে পরিচালিত এই অভিযানে আটক ৮ জন দালালের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে নগদ অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ঘটনাস্থলেই অপরাধ স্বীকার, সাজার নির্দেশ
অভিযান চলাকালে বিআরটিএ প্রাঙ্গণ থেকে হাতেনাতে ৮ জন দালালকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতের সামনে নিজেদের অপরাধ স্বীকার করেন। স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান ৫ জনকে ০২ (দুই) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অন্য ৩ জন আসামিকে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তবে অভিযান পরিচালনার খবর ছড়িয়ে পড়লে বিআরটিএ প্রাঙ্গণে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত সটকে পড়ে।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন:
১/ বাবুল হোসেন (৩৮), পিতা: মৃত হারুনুর রশিদ
২/ মোঃ কাওসার আলী (৩০), পিতা: মোঃ আব্দুল মোতালিব
৩/ আব্দুল্লাহ আল রাজীব (৪০), পিতা: মাস্টার সুলতান
৪/ আব্দুল মান্নান (৪৬), পিতা: মোঃ শেরজন আলী
৫/ মোঃ শামীম (৩৪), পিতা: মৃত নূর মোহাম্মদ
(অর্থদণ্ডপ্রাপ্ত ৩ জনের কাছ থেকে জরিমানার টাকা আদায় করে সতর্কবার্তা দেওয়া হয়েছে।)
বিআরটিএ কার্যালয়ে দীর্ঘদিন ধরে চলা দালালের উপদ্রব এবং সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে ক্ষোভ ছিল গ্রাহকদের। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান বলেন ”অভিযুক্ত এই প্রতারক চক্রটির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। তারা বিআরটিএ-তে ড্রাইভিং লাইসেন্স, মালিকানা বদলি কিংবা গাড়ির ফিটনেস করাতে আসা সাধারণ মানুষকে টার্গেট করত। কম সময়ে কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা গ্রাহকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মোটা অঙ্কের টাকা-পয়সা হাতিয়ে নিয়ে পালিয়ে যেত।”
তিনি আরও স্পষ্ট করেন, বিআরটিএ-কে সম্পূর্ণ দালালমুক্ত না করা পর্যন্ত এবং সাধারণ সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর না হওয়া পর্যন্ত এ ধরনের সারপ্রাইজ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















