
মোঃ ওসমান গনি ইলি কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অধিদপ্তরের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বুধবার (১৫ জুলাই) দুপুরে জালালাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে জরুরি ব্যবহার্য উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য ও স্যানিটেশন নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে নারী, শিশু ও পরিবারের জরুরি প্রয়োজন বিবেচনায় রেখে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পানির জার, প্লাস্টিকের মগ, শিশুদের পটি, বদনা, টয়লেট ব্রাশ, শিশু ও প্রাপ্তবয়স্কদের জুতা, শিশুদের ন্যাপকিন, ডিটারজেন্ট পাউডার, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, স্যানিটারি ন্যাপকিন, গামছা, নেল কাটারসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপকরণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।
বন্যাদুর্গত মানুষের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইউনিসেফ বাংলাদেশের এ যৌথ উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
প্রতিনিধির নাম 



















