
নেত্রকোনা প্রতিনিধি
কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না রাখার অভিযোগ উঠেছে নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে।
আজ বুধবার সকালে বিদ্যালয়ে জাতীয় পতাকা অন্যান্য দিনের মতোই পূর্ণদণ্ডে উত্তোলন করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল থেকে প্রায় দুপুর দেড়টা পর্যন্ত পতাকা পূর্ণদণ্ডেই ছিল। পরে বিষয়টি জানাজানি হলে বেলা পৌনে দুইটার দিকে পতাকা অর্ধনমিত করা হয়।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা রয়েছে। তবে আমাদের বিদ্যালয়ে সকাল থেকেই পতাকা পূর্ণদণ্ডে টানানো ছিল। পরে বিষয়টি জানাজানি হলে পরে অর্ধনমিত করা হয়েছে। এমন ঘটনা দুঃখজনক।
সরকারি প্রজ্ঞাপণ অনুযায়ী, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে বুধবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সরকারিভাবে চিঠিও পাঠানো হয়।
এছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনারও ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল-থানি গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকার বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।
এ বিষয়ে মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, “রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সরকারি নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটেনি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি প্রধান শিক্ষককে ফোন করেন। এ সময় প্রধান শিক্ষক সরকারি নির্দেশনা অনুসরণ না করার বিষয়টি স্বীকার করে জানান, অসাবধানতাবশত এ ভুল হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করার নির্দেশ দেওয়া হলে দুপুরে নির্দেশনা অনুযায়ী পতাকা অর্ধনমিত করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে প্রধান শিক্ষককে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে পতাকা অর্ধনমিত না রাখার বিষয়টি তিনি স্বীকার করেন। বিষয়টা ভুলে এমন হয়ে গেছে বলে তিনি জানান। পরে দুপুরে অর্ধনমিত করা হয়েছে বলেও জানান।
প্রতিনিধির নাম 



















