
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া,খুলনা:
আসন্ন ১১ নং ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব শাহজাহান জমাদ্দার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।তিনি বলেন জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন এবং একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহি মূলক ও জনবান্ধব ইউনিয়ন গঠনের লক্ষ্য নিয়ে কাজ করতে চান।
মঙ্গলবার(১৪ জুলাই) বিকেলে ডুমুরিয়া সদর ইউনিয়নের মির্জাপুর বাজারে তার নির্বাচনী ইশতেহার সম্বলিত লিফলেট প্রদান করেন। ইশতেহারে তিনি ডুমুরিয়া সদর ইউনিয়নকে আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা,উন্নত যোগাযোগ ব্যবস্থা ও টেকসহ রাস্তাঘাট নির্মাণ,কৃষকের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি,বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণ, সরকারি খাল খনন ও জলাবদ্ধতা ও পানি নিষ্কাসন উন্নয়ন ও দুর্নীতি ও মাদকমুক্ত সমাজগঠনের ক্ষেত্রে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।ঘোষিত ইশতেহারে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
এর মধ্যে রয়েছে -ইউনিয়ন পরিষদের সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা,সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখা এবং উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া।অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে তিনি কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা,ভাঙা সড়ক,কালভার্ট ও সেতুর সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।কৃষি খাতে কৃষকদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করা,সেচ ও কৃষি উপকরণ সহজলভ্য করা এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে উদ্যোগ গ্রহণের কথা বলেন তিনি।
শিক্ষা ও যুব উন্নয়নের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন,অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং যুবসমাজের জন্য কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করার অঙ্গীকার করেন।এছাড়া মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।
স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়ন,বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার সুষ্ঠ বণ্টন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।ডিজিটাল ও স্মার্ট ইউনিয়ন গঠনের লক্ষ্যে অনলাইন সেবা সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তি শিক্ষায় তরুণদের উৎসাহিত করার কথা উল্লেখ করেন তিনি।পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ,জলাশয় সংরক্ষণ এবং পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ার উদ্যোগের কথাও ইশতেহারে তুলে ধরেন।শেষে আলহাজ্ব শাহজাহান জমাদ্দার বলেন জনগণের সেবাই তার মূল লক্ষ্য।দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য সমান সুযোগ ও ন্যায়বিচার নিশ্চিত করাই তার অঙ্গীকার।তিনি এলাকাবাসীর দোয়া ও ভোট প্রত্যাশা করেন।
প্রতিনিধির নাম 



















