
মোঃ ওসমান গনি ইলি কক্সবাজার :
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত কক্সবাজারের বন্যাকবলিত জনপদে মানবিক সহায়তা নিয়ে পৌঁছেছে কক্সবাজার জেলা পুলিশ। দুর্যোগে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে জরুরি ত্রাণ বিতরণের পাশাপাশি তাদের খোঁজখবর নিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার (১৩ জুলাই ২০২৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ও চৌফলদণ্ডী এবং পেকুয়া উপজেলার ফরিনাফাড়ি ও নতুন লাহাজানি পাড়া এলাকায় দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাস।
ত্রাণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক। তিনি পানিবন্দী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, জরুরি চাহিদা ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন। পাশাপাশি জেলা পুলিশের চলমান মানবিক কার্যক্রম আরও বেগবান করার নির্দেশনা দেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও একইভাবে চলবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।
প্রতিনিধির নাম 



















