
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের ঈদগাঁওয়ে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০টি চোরাই বলদ গরু ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে ঈদগাঁও থানা পুলিশ। এ সময় সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত প্রায় ১টা ৫০ মিনিটে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা ৪ নম্বর ওয়ার্ড এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই (নিরস্ত্র) অচিন্ত কুমার দে’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় রামুর পানিরছড়া বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে গাড়ির পেছনে থাকা দুই ব্যক্তি দ্রুত নেমে পাশের ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ির চালক সিরাজুল ইসলামকে আটক করে।
তল্লাশি চালিয়ে পিকআপের পেছন থেকে অবৈধভাবে আনা ১০টি বলদ গরু উদ্ধার করা হয়। এর মধ্যে ৭টি লাল ও ৩টি সাদা রঙের গরু রয়েছে। জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেন, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরুগুলো এনে ঈদগাঁও বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকার আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও পলাতক অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে ‘দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট ১৯৭৪’-এর সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঈদগাঁও থানা পুলিশ।
প্রতিনিধির নাম 



















