
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার। সভার শুরুতে গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অগ্নিশিখা স্বাগত বক্তব্য রাখেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৭ জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ৩ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় গ্রাম আদালতের মামলার অগ্রগতি, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, শিক্ষণীয় দিক, দায়িত্ব-কর্তব্য এবং উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে “বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের কার্যক্রম মাঠ পর্যায়ে চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে সহজ, স্বল্প খরচে ও দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছ বিচারিক সেবা নিশ্চিত করা এবং তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের সক্ষমতা বৃদ্ধি করা।
প্রতিনিধির নাম 



















