
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি,নওগাঁ:
নওগাঁ জেলার মহাদেবপুরে পুলিশ পরিচয়ে সড়কে ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা দুষ্কৃতকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন বগুড়া জেলার সোনাতলা থানার হলিদাবগা এলাকার আজাদুলের ছেলে শাওন ওরফে স্বাধীন ওরফে রহমান (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ ভোরে মহাদেবপুর থানার শ্যামপুর এলাকায় নওহাটা-মহাদেবপুর সড়কে একদল দুষ্কৃতকারী পুলিশের ড্রেস পরে এবং নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একটি অটোরিকশার গতিরোধ করে। পরে যাত্রী ও চালককে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নিজেদের গাড়িতে তুলে নেয় এবং অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।
এসময় অপহৃত দুইজনের চোখ বেঁধে গাইবান্ধা হয়ে দিনাজপুরের ফুলবাড়ী এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পরপরই পুলিশ সুপার নওগাঁর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ও মহাদেবপুর থানা পুলিশের সমন্বয়ে দুটি বিশেষ টিম গঠন করা হয়। পরে মামলাটির গুরুত্ব বিবেচনায় তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত করা হয়।
পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা, দিনাজপুর ও রংপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় টানা অভিযান চালায়। সপ্তাহব্যাপী অভিযানের পর গত ৯ মে ২০২৬ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাম্য ফিলিং স্টেশন এলাকা থেকে চক্রের মূলহোতা শাওনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আরও ৫-৬ জন সহযোগীর নাম প্রকাশ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
