
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় বাবা ও ছেলের বিরুদ্ধে অন্যায়ভাবে জমি জবরদখলের চেষ্টা, মারধর ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। বুধবার সকালে পাথরঘাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আমজাদ হোসেনের ছেলে মো. শাহিন মিয়া এ অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন মোল্লা, তার ছেলে আনোয়ার হোসেন মোল্লা এবং ভাই মজিবুর রহমান মোল্লা। জাহাঙ্গীর মোল্লা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তার ছেলে সাবেক ছাত্রদল নেতা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শাহিন মিয়ার পৈতৃক জমি দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মোল্লা দাবি করে আসছেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৩০ এপ্রিল জমিতে মুগডাল তুলতে গেলে শাহিনের বর্গাচাষি কালাম খানকে মারধর করা হয়। এক পর্যায়ে মুগডালের ক্ষেত থেকে টেনে-হিঁচড়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে মারধর করা হয়। পরে প্রতিবেশী কয়েকজন নারী এগিয়ে এলে তাদের সহযোগিতায় এলাকাবাসী কালাম খানকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চার দিন চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর কালাম খান ও শাহিন মিয়ার কাছে ছয় মণ মুগডাল এবং তার সমপরিমাণ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়। দাবি পূরণ না করলে পরবর্তীতে জমিতে গেলে খুন করার হুমকিও দেওয়া হয় বলে জানান তারা।
শাহিন মিয়া আরও জানান, জাহাঙ্গীর মোল্লার হুমকির কারণে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর মোল্লা বলেন, আমার বাবা জীবিত থাকতে সব জমি বিক্রি করে দিয়েছেন। সেখানে ক্রেতারা ঘরবাড়ি করে ভোগদখল করছেন। তা নিয়ে কোনো ঝামেলা নেই। উল্টো আমাদের জমিতে শাহিনের লোকজন ঢুকে মুগডাল তুলে নিয়ে গেছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।
প্রতিনিধির নাম 



















