বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়া উপজেলায় জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুইটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইজিপিপি (EGPP) কর্মসূচির আওতায় এ প্রকল্পগুলোর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। উদ্বোধনকৃত প্রকল্প দুটি হলো সাহস ডোলভাঙা খাল থেকে কাঠবুনিয়া বড় দোয়ান হয়ে তেলিখালী গেট অভিমুখে ভদ্রা নদী পর্যন্ত খাল পুনঃখনন কাজ, কৃষ্ণনগর নিমতলা থেকে বিল ডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা দক্ষিণ পার্শ্বে অবস্থিত আশি ফুট খাল পুনঃখনন কাজ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিনের পলি জমে খালগুলো নাব্যতা হারিয়ে ফেলেছিল, ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্থানীয় জনগণের দুর্ভোগ বাড়ছিল। এই পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং এলাকার সামগ্রিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, প্রকল্পগুলো দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হলে ডুমুরিয়ার বিভিন্ন এলাকার দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা অনেকাংশে দূর হবে।
উল্লেখ্য, ইজিপিপি কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হচ্ছে।

থেকে আরও পড়ুন