
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃঠা
কুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সাগুনী এলাকায় টাঙ্গন নদীর ওপর একটি আধুনিক ও প্রশস্ত সেতু নির্মাণের লক্ষে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের জরাজীর্ণ ও সরু সেতুর কারণে সৃষ্ট জনভোগান্তি নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সমীক্ষা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় সাগুনী এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত নতুন সেতু নির্মাণের বিভিন্ন কারিগরি দিক ও এর গুরুত্ব নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় পীরগঞ্জ ও বোচাগঞ্জ—এই দুই উপজেলার স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা জানান, বর্তমানে টাঙ্গন নদীর ওপর থাকা সেতুটি অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ। এর ওপর দিয়ে বড় ও ভারী যানবাহন চলাচল প্রায় অসম্ভব। বিশেষ করে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পারাপার কিংবা কৃষিপণ্য পরিবহনে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়। সংকীর্ণ এই সেতুতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে জানিয়ে তারা দ্রুত একটি আধুনিক প্রশস্ত সেতু নির্মাণের জোর দাবি জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের সহধর্মিনী শিরিন বানু বলেন, “একটি টেকসই ও প্রশস্ত সেতু অত্র এলাকার মানুষের প্রাণের দাবি। এটি নির্মিত হলে কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।”
মুঠোফোনে যুক্ত হয়ে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জানান, “নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাগুনী এলাকায় নতুন সেতু নির্মাণের জন্য আমি বদ্ধপরিকর। বর্তমান সেতুটির জরাজীর্ণ অবস্থার কথা বিবেচনা করে ইতোমধ্যে সরকারিভাবে অনুমোদনের কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুতই দৃশ্যমান কাজ শুরু হবে বলে আমরা আশাবাদী।”
সভায় পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ সমীক্ষা প্রকল্পের কনসালটেন্ট মিজানুর রহমান ও আব্দুস সাত্তার সামিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা জনস্বার্থে দ্রুত সমীক্ষা শেষ করে মূল নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধির নাম 



















