
জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের কলেজ বাজার মাছ বাজারে অভিযান চালিয়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৯ এপ্রিল বৃহস্পতিবার (দুপুরে) পরিচালিত এ অভিযানে পচা গলদা চিংড়ি বিক্রির অপরাধে শাবীর নামে এক মাছ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা এবং নিষিদ্ধ প্রজাতির ‘পিরান হা’ মাছ বিক্রির দায়ে রাসেল নামে অপর এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন. এম. ইশফাকুল কবীর।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ বাজার মাছ বাজারে অভিযান চালিয়ে পচা গলদা চিংড়ি ও নিষিদ্ধ মাছ বিক্রির সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে মাছ জব্দ করা হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে মাছ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 
























