
সম্প্রতি কয়েকটি পত্রিকা ও গণমাধ্যমে ডুমুরিয়া উপজেলার সহকারী দলিল লেখক অহিদুজ্জামান সবুজকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি এক প্রতিবাদলিপিতে জানিয়েছেন।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মোঃ জামাল শেখ ও মোঃ আলাল শেখ (উভয় পিতা- কাশেম শেখ), সাং- মইখালী, সাহস, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা একটি কবলা দলিল সম্পাদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ তার নিকট আসেন। কাগজপত্র যাচাই-বাছাই শেষে দলিলটি সাব-রেজিস্ট্রি অফিসে দাখিল করা হলে জাতীয় পরিচয়পত্রের ছবির সাথে বিক্রেতার বর্তমান ছবির অমিল থাকায় সংশ্লিষ্ট সাব-রেজিস্টার দলিলটি তাৎক্ষণিক রেজিস্ট্রি করেননি এবং পরিচয় নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত প্রত্যয়নপত্র সংগ্রহের পরামর্শ দেন।
পরবর্তীতে বিক্রেতাগণ ইউপি চেয়ারম্যানের নিকট থেকে ছবি সংযুক্ত সত্যায়িত প্রত্যয়নপত্র সংগ্রহ করে ০৫ মার্চ ২০২৬ তারিখে অন্য এক দলিল লেখকের মাধ্যমে দলিলটি নিয়মমাফিক রেজিস্ট্রি সম্পন্ন করেন।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সাংবাদিক মোঃ আতিয়ার রহমান, সাং- শোভনা, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা, দলিলটি রেজিস্ট্রি হওয়ার পূর্বেই তার সম্পৃক্ত পত্রিকা যায়যায়দিনসহ বিভিন্ন গণমাধ্যমে অহিদুজ্জামান সবুজ, সাব-রেজিস্টার ও সংশ্লিষ্ট দাতা-গ্রহীতাদের নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালিয়ে আসছেন।
উক্ত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
—প্রতিবাদকারী
অহিদুজ্জামান সবুজ
সহকারী দলিল লেখক
ডুমুরিয়া, খুলনা
প্রতিনিধির নাম 



















