
খাগড়াছড়ি প্রতিনিধি :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫:১৫ মিনিটে উপজেলা জামায়াতের কার্যালয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুইমারা উপজেলা জামায়াতের তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, “৫২-এর ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার অধিকার রক্ষায় যারা অকাতরে জীবন দিয়েছেন, জাতি তাঁদের চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ভাষা শহীদদের সেই আত্মত্যাগের চেতনা ধারণ করে আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো: জুবায়ের। বক্তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং সর্বস্তরে সঠিক ভাষা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজিদুর রহমান, বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, জামায়াত নেতা মাওলানা শামীম ওসমানী, সদর ইউনিট সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি আবুল হোসেন বাবু এবং জামায়াত নেতা দ্বীন ইসলামসহ উপজেলা ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিনিধির নাম 



















