
শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সূচনা হয় দিনব্যাপী কর্মসূচির।
২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রায়হানের উপস্থিতিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা মুক্তিযুদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম, থানা পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ প্রভাতফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে এসে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুরো এলাকা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে মুখরিত হয়ে ওঠে।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ এবং বর্তমান প্রজন্মের দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আদায়ের সংগ্রাম ছিল না, বরং তা ছিল বাঙালি জাতির আত্মপরিচয় ও স্বাধীনতার বীজ রোপণের সূচনা। ভাষা শহীদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান আলোচনা সভায় বক্তব্যে কালে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। বাংলা ভাষার সঠিক ব্যবহার, চর্চা ও সংরক্ষণে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা সম্পর্কে নিজেদের ভাবনা তুলে ধরে।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহালছড়ি উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলায় এক গভীর শোক, শ্রদ্ধা ও গৌরবের আবহ বিরাজ করে।
প্রতিনিধির নাম 
























