
সায়মন সরওয়ার কায়েম কক্সবাজার :
‘মুক্তিযোদ্ধা হত্যাকারী ও সংখ্যালঘু নির্যাতনকারীরা এখন নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা শুরু করছে’ বলে মন্তব্য করেছেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার বিকেলে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-০৩ আসনের ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকারি, খাস পিএফ জায়গায় যারা ঘূর্ণিঝড়সহ নানা কারণে থাকতে বাধ্য হয়েছেন আমরা ক্ষমতায় এলে তাদের উচ্ছেদ করা হবে না। দলিল থেকে শুরু করে সবার সাথে আলোচনা করে যে পদক্ষেপ গ্রহণ করতে হয় আমরা তা করব।’
শহীদের আকাঙ্খা পূরণে ও শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে৷ এছাড়াও তিনি কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন।
সমাবেশে বিশেষ অতিথি বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী বলেছেন, ইনসাফের কথা বলে যারা ভোট চাচ্ছে, যারা নিজেদের শরীক দলের সাথে আসন বন্টনে ইনসাফ করতে পারে না, তারা ক্ষমতায় গেলে ইনসাফ রক্ষা করতে পারবে না।
কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, কক্সবাজার-০৩ আসনের প্রার্থী লুৎফর রহমান কাজলসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিনিধির নাম 

























