
শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় শীতকালীন মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এবং খাগড়াছড়ি জেলা পরিষদের সহযোগিতায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে হাসপাতালের শীতকালে চিকিৎসাধীন রোগীদের ব্যবহারের জন্য মোট ৩১টি কম্বল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কম্বলগুলো হাসপাতালের ভর্তি রোগীদের প্রয়োজন অনুযায়ী ব্যবহারের জন্য কর্তৃপক্ষের কাছে সংরক্ষণ করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র থাকা অত্যন্ত জরুরি। এই উদ্যোগ হাসপাতালের সেবার মান উন্নয়নে সহায়ক হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সহযোগিতা হাসপাতালের রোগীসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রতিনিধির নাম 



















