
বগুড়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোরশেদ মিলটনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে ডোর টু ডোর গণসংযোগ কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা ছাত্রদল ও শাজাহানপুর উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং একটি প্রচারণা মিছিল বের করেন।
গণসংযোগে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ। এ সময় জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের পাশাপাশি শাজাহানপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন,
বগুড়া-৭ আসন আমাদের আবেগ ও গর্বের জায়গা। আপসহীন দেশনেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বারবার এ আসন থেকে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্রের মায়ের অনুপস্থিতিতে এ আসনে তাঁর আস্থাভাজন হিসেবে মোরশেদ মিলটনকে ধানের শীষের প্রার্থী করা হয়েছে। তিনি আরও বলেন, বগুড়া-৭ আসনের মানুষ ধানের শীষের সঙ্গে আবেগগতভাবে যুক্ত। ইনশাআল্লাহ জনগণ এবারও ধানের শীষের পক্ষেই রায় দেবে।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ বলেন, ছাত্রদল রাজপথের পরীক্ষিত সংগঠন। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা ঘরে ঘরে যাচ্ছি। সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। মোরশেদ মিলটন জনগণের ভোটে বিজয়ী হবেন এ বিষয়ে আমরা আশাবাদী।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করেন এবং ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রতিনিধির নাম 

























